
২০২৬ বিশ্বকাপে নানা ঘটনার জেরে আর্জেন্টিনা জাতীয় দল ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় ধরনের শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন, সমর্থকদের বৈষম্যমূলক আচরণ এবং ফাইনালের পর খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় এ শাস্তি দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকসংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ম্যাচে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।
ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে মোট ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস—১০ ম্যাচ নিষিদ্ধ ও ৯০ হাজার ডলার জরিমানা।
নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর থিয়াগো আলমাদা পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা।
এ ছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। স্পেনের খেলোয়াড় গাভিকেও এক ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
ফিফার নিয়ম অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে কার্যকর হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগও রাখা হয়েছে।